প্রেসিডেন্টের টুইটারে মেয়ের ব্যবসার পক্ষে সাফাই ট্রাম্পের
এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের টুইটার অ্যাকাউন্ট থেকে মেয়ে ইভানকা ট্রাম্পের ব্যবসার পক্ষে সাফাই গাইলেন ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। সমালোচকদের মতে, প্রেসিডেন্টের টুইটার ব্যবহার করে ব্যবসা নিয়ে মন্তব্য করে আইন লঙ্ঘন করেছেন তিনি।
সম্প্রতি মার্কিন চেইন শপ নর্ডস্ট্রম ট্রাম্পের মেয়ে ইভানকার মালিকানাধীন প্রতিষ্ঠানের পোশাকসহ অন্যান্য পণ্য বিক্রি বন্ধের ঘোষণা দেয়। তাদের এমন সিদ্ধান্তের পর বুধবার ট্রাম্প প্রথমে নিজের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে নর্ডস্ট্রমের সমালোচনা করেন। পরে মার্কিন প্রেসিডেন্টের জন্য নির্ধারিত টুইটার অ্যাকাউন্ট (পোটাস) ব্যবহার করেন ট্রাম্প। টুইট বার্তায় তিনি দাবি করেন, নর্ডস্ট্রম তাঁর মেয়ে ইভানকার সঙ্গে অন্যায় আচরণ করেছে। তিনি লেখেন, ‘আমার মেয়ে ইভানকার সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে। সে দারুণ মানুষ। সব সময় আমাকে সঠিক পথে চলতে সাহায্য করে। ভয়াবহ।’
হোয়াইট হাউসের অবস্থান থেকে ব্যবসায়িক কার্যক্রম নিয়ে মন্তব্য করার বিষয়টির তীব্র সমালোচনা করছেন অনেকে। চেইন শপ নর্ডস্ট্রমও চুপ থাকেনি। তারা এক বিবৃতিতে বলেছে, ইভানকার মালিকানাধীন প্রতিষ্ঠানের পণ্যের বিক্রিতে ভাটা পড়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে। গত বছর থেকেই, বিশেষ করে বছরের শেষার্ধে ইভানকার প্রতিষ্ঠানের পণ্যের চাহিদা কমে যায়। ফলে বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত জানুয়ারি মাসে ইভানকাকেও বিষয়টি অবহিত করেছে নর্ডস্ট্রম কর্তৃপক্ষ।
